আবনা ডেস্ক : একবার বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিয়ে করতে ১০০ দিন অপেক্ষা করতে হবে জাপানী নারীদের। এ বিধান রেখে সম্প্রতি দেশটির মন্ত্রীসভা একটি আইনের অনুমোদন দিয়েছে।
এর আগে পুনরায় বিয়ের জন্য ছয় মাস অপেক্ষা করতে হতো জাপানী নারীদের। গত বছরের ডিসেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট ছয় মাস সময়কে অতিরিক্ত বিবেচনা করে তা কমিয়ে ১০০ দিনে আনা উচিত বলে এক রায় দেয়। এর প্রেক্ষিতে ৮ মার্চ নারী দিসবে নতুন এ আইনটির অনুমোদন দেয় জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রশাসন।
আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই পার্লামেন্টে তোলা হবে। তবে বিবাহ বিচ্ছেদের পর কেউ দ্রুত বিয়ে করতে চাইলে তার জন্য বিধান রাখা হয়েছে আইনে। মেডিকেল পরীক্ষার মাধ্যমে কোনো নারী গর্ভবতী বলে প্রমাণিত না হলে বিচ্ছেদের পরপরই আবার বিয়ে করতে পারবেন তিনি।
এদিকে আইনটিকে বৈষম্যমূলক বলে বরাবরই এর সমালোচনা করে আসছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। তাদের মতে, ১৮৯৮ সালের ওই আইনটির সামান্য এই সংশোধনের মাধ্যমে জাপানের লিঙ্গ বৈষম্যের অবসান ঘটবে না।
জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা সিডও তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ছয় মাসের সময়সীমা ১০০ দিনে কমিয়ে আনতে আদালতের সিদ্ধান্ত সত্ত্বেও এতে বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিয়ে করতে নারীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
জাপানের পারিবারিক আইনগুলো মূলত সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সময়ে করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৪৮ সালে জাপানের পারিবারিক ব্যবস্থায় পরিবর্তন আসলেও বিবাহ বিষয়ক আইনগুলো আগের মতোই থেকে যায়।#